।।বিকে ডেস্ক।।
বছরের শুরুতেই নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন কৃষক ও অপরজন রাজমিস্ত্রি।
শুক্রবার ১৩ মার্চ সকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। সংবাদ মাধ্যম বিডিজার্নালের এক প্রতিবেদনে এ তথ্য হানানো হয়েছে।
নিহতরা হলেন— খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩)। তিনি পেশায় একজন কৃষক। অপরজন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা আকাশ মিয়া (২৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি।
প্রতিবেদনে পুলিশ ও স্থানীয় সূত্রে বলা হয়, দুপুরে খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
অপরদিকে, দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি আকাশ মিয়া। পথে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি অচেতন হয়ে একটি ধানখেতের পাশে পড়ে থাকেন। একপর্যায়ে ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। তার শরীরে বজ্রপাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।