।।বিকে রিপোর্ট।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ থেকে মিছিল করে আসা কয়েকশ বিক্ষোভকারী কাওরান বাজারে এসে জড়ো হয়। পরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়্
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। একই সময়ে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা ভবনটির কাঁচ ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে। সেখানেও আসবাবপত্র ও নথিপত্র বের করে এনে ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো কারওয়ান বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা ভবনের বিভিন্ন তলায় ঢুকে আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে নিচে স্তূপ করা সেসব নথিপত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত অবস্থান নিয়ে তাণ্ডব চালায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যায়
রাত দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।