।।বিকে রিপোর্ট।।
কিশোরগঞ্জে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত ও একজন আহত হয়েছেন।
রবিবার ১১ মে বিকেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতে ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় বজ্রপাতে এই হতাহতের ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫) এবং কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।
জানা গেছে, টানা তিনদিন ধরে কিশোরগঞ্জে মাঝারি তাপদাহ চলছিল। আজ বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তার সাথে শুরু হয় বজ্রপাত।
এ সময় জমিতে কাজ করছিলেন ওই তিন কৃষক। বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
অপরদিকে হোসেনপুর উপজেলার কুড়িঘাটে এলাকায় বজ্রপাতে আহত হন আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর। স্থানীয়রা তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো।