Breaking News:


বড় জয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

  • ১১:৩৭ এএম, সোমবার, ১৪ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
শ্রীরংকায় টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে পরাজয়ের পর অবশেষে দারুন জয়ে সেই বৃত্ত থেকে বেরিয়ে আসলেন লিটন দাস-শামীম হোসেনরা। অধিনায়ক লিটন দাস ও শামীম হোসেনের দারুণ ব্যাটিংয়ের পর বোলারদের দুর্দান্ত নৈপুন্যে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল সফরকারী বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮৩ রানে হারিয়েছে স্বাগতিকদের।

রবিবার ১৩ জুলাই ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন। এ ছাড়া ৪৮ রান করেছেন শামীম।

বোলিংয়েও লঙ্কানদের চেপে ধরে টাইগাররা। তাতে একশর আগেই অলআউট লঙ্কানরা। ফলে ৮৩ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে রান বিবেচনায় লঙ্কানদের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় বাংলাদেশের।

পাশাপাশি ছয় ম্যাচ পর টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ মোকাবেলায় সপ্তম জয় টাইগারদের। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।

শুরুতে খেলতে নেমে ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। রানের খাতা খোলার আগেই তিন বলে শূন্য রানে বোল্ড হয়ে গেছেন ইমন।

পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। বিনুরা ফার্নান্দোর অফ স্টাম্পের সামান্য বাইরের গুড লেংথের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন তামিম। তবে তা তার ব্যাটে ঠিকঠাক লাগেনি। শর্ট থার্ডম্যানে দাঁড়ানো কুশাল পেরেরা দারুণ এক ক্যাচ নেন। ৮ বলে ৫ রান করেছেন এই ওপেনার।

২ ওভারের মধ্যে ২ উইকেট হারানোর পর অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়ের দৃঢ়তায় পাওয়ার প্লেতে ৩৯ রান পায় বাংলাদেশ। নবম ওভারে দলের রান হাফ-সেঞ্চুরিতে নেন তারা। লিটনের সঙ্গে তার ৬৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫ বলে ৩১ রান করে হৃদয় ফিরলে ভাঙে সেই জুটি।

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে বেশ ভুগছেন লিটন দাস। ধারবাহিক ব্যর্থতায় অধিনায়কের একাদশে অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠছিল! অবশেষে রানের দেখা পেলেন তিনি।  তিনে নেমে দলের হাল ধরেন। ৭ রানে দুই উইকেট হারানোর পরও লিটন ইতিবাচক ব্যাটিং করেছেন। ৩৯ বলে পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। ১৩ ইনিংস পর এই সংস্করণে ফিফটি পেলেন তিনি। সবমিলিয়ে ৫০ বলে করেছেন ৭৬ রান।

পাঁচে নেমে ব্যর্থ মিরাজ। তবে লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন শামীম। ২৭ বলে করেছেন ৪৮ রান। তাতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।  ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে আউট হন শামীম। ৫ চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন তিনি। পঞ্চম উইকেটে লিটন-শামীমের ৩৯ বলে ৭৭ রানের জুটিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিনুরা ৩১ রানে ৩ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ৮ রানে রান আউট হন ওপেনার কুশাল মেন্ডিস। এরপর জোড়া উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। কুশাল পেরেরাকে শূন্য ও আভিস্কা ফার্নান্দোকে ২ রানে সাজঘরে পাঠান তিনি।

শরিফুলের সাথে উইকেট শিকারে মাতেন মোহাম্মদ সাইফুদ্দিনও। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কাকে ৫ রানে বিদায় দেন সাইফুদ্দিন। এতে ৩০ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।

পঞ্চম উইকেটে ৩১ বলে ৪১ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও দাসুন শানাকা। ১১তম ওভারে নিশাঙ্কাকে ৩২ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার রিশাদ হোসেন। ওই ওভারেই নতুন ব্যাটার চামিকা করুনারত্নকে খালি হাতে ফেরত পাঠান রিশাদ।

৭১ রানে ষষ্ঠ উইকেট পতনের পর বেশি দূর যেতে পারেনি শ্রীলঙ্কা। ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।রিশাদ ১৮ রানে ৩টি, শরিফুল-সাইফুদ্দিন ২টি করে উইকেট নেন।

আগামী ১৬ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech