।।বিকে রিপোর্ট।।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এ উপলক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর ইইউর কূটনৈতিক কার্যক্রমের শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ইইএএস জানিয়েছে, এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) নিয়োজিত করেছেন। মিশনের প্রধান পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসকে।
ইজাবস বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।
এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে। এই মিশন বাংলাদেশের জনগণ এবং তাদের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইইউর সমর্থনের বাস্তব উদাহরণ।