Breaking News:


বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

  • ১১:৩৭ এএম, সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিএনপি চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। এ সময় উপস্থিত আরও কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন।

রবিবার ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এই ঘটনা ঘটে।

ঘটনার পর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এ কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণ ভুল-বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি আহত সাংবাদিকসহ উপস্থিত সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বিবৃতিতে আরও জানানো হয়, দলটি সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হামলার শিকার ‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন। বিকাল সাড়ে চারটার দিকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন।

তিনি আরও বলেন, আমি ভিডিও করছিলাম। হঠাৎ ৩–৪ জন এসে আমাকে টেনে নিয়ে যায়। তারা আমার মোবাইল ভেঙে ফেলে, প্রেস কার্ড কেড়ে নেয়। আমি জানাই যে ভিডিও করা নিষেধ হলে আমি মুছে ফেলব, কিন্তু কোনো কথা না শুনেই তারা আমাকে মারধর করে কার্যালয়ের বাইরে বের করে দেয়।’

এ সময় দ্য ডেইলি স্টারের সাজ্জাদ, নয়া দিগন্তের অসীম আল ইমরান এবং জাগো নিউজের খালিদ হোসেনও হেনস্তার শিকার হন বলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে বলেন, একজন সাংবাদিককে রক্তাক্ত করা, মোবাইল ফোন ভাঙচুর ও আইডি কার্ড কেড়ে নেওয়া—এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ঘটনাটি দুঃখজনক। আমি বিষয়টি শীর্ষ মহলকে জানিয়েছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech