Breaking News:


ভাইস প্রেসিডেন্টকে এখন দায়িত্ব নিতে হবে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের রায়; ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • ১০:৫৭ এএম, রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

এর আগে ভেনেজুয়েলার হাইকোর্ট জানিয়েছিল, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজের কাছে দায়িত্ব হস্তান্তর করা জরুরি।

রবিবার ৪ জানুয়ারী বাংলাদেশে সময় সকালে বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালত আরও বলেছে যে দেশের ধারাবাহিকতা, সরকারের কার্যকারিতা এবং রাষ্ট্রপতির সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনি কাঠামো প্রয়োগ করা হবে তা নির্ধারণের জন্য এটি আরও আলোচনা প্রয়োজন।

এরআগে হামলা চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার শাসনভার গ্রহণে একটি অন্তর্বর্তীকালীন দলের সঙ্গে কাজ করবে তার প্রশাসন। দেশটিতে ‘নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত’ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত এই দলই দায়িত্ব পালন করবে।

শনিবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ফ্লোরিডার মার–আ–লাগো বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভেনেজুয়েলার ভেতরে কারা এই অন্তর্বর্তী দলের অংশ হবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন। ট্রাম্পের দাবি, রদ্রিগেজ এখন ‘আমেরিকা যা চাইবে’ তাই করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

মাদুরোর অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ততক্ষণ পর্যন্ত পরিচালনা করতে যাচ্ছে, যতক্ষণ না আমরা নিরাপদ, যথাযথ ও ন্যায়সংগত ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করতে পারি।’

ভেনেজুয়েলায় মার্কিন স্থলসেনা মোতায়েন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা স্থলসেনা মোতায়েনে ভয় পাই না।’ তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে যাচ্ছি, দেশটি যেন সঠিকভাবে পরিচালিত হয়।’

ভেনেজুয়েলা পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট দায়িত্বে লোকজন মনোনীত করা হচ্ছে এবং শিগগিরই তাদের পরিচয় জানানো হবে। কে দেশটি শাসন করবে—এমন প্রশ্নে নিজের ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের জন্য মূলত আমার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোই মোটা দাগে দেশটি পরিচালনা করতে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দেশটির জ্বালানি খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে। তাঁর ভাষায়, ভেনেজুয়েলার তেল শিল্প দীর্ঘদিন ধরে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং সম্ভাবনার তুলনায় খুবই কম তেল উত্তোলন করা হচ্ছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় যাবে এবং শত শত কোটি ডলার বিনিয়োগ করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো মেরামত করবে। এর মাধ্যমে দেশটির জন্য রাজস্ব আয়ের নতুন পথ খুলবে বলেও দাবি করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প জানান, নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে। মাদুরোর বিরুদ্ধে গুরুতর অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে ‘জোরালো প্রমাণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech