লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ কমলনগরে চলতে দেওয়া হবে না।
তিনি স্পষ্ট জানিয়ে দেন- মাদক, দুর্নীতি এবং জনগণের ভোগান্তি সৃষ্টি করে এমন যেকোনো অপশক্তির বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। এসব বিষয়ে আমি আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে কমলনগর উপজেলা পরিষদের স্পন্দন মিলনায়তনে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম আশরাফ উদ্দিন নিজান এসব কথা বলেন।
সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে বেশ কিছু বিষয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত বক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার গ্রামীণ রাস্তাঘাট ধ্বংসকারী এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ অবৈধ ‘দানব’ ট্রাক্টর রাস্তায় চলাচল বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। এছাড়া মেঘনা নদীতে অবৈধ চরঘেরা ও বিহুন্দী জাল উচ্ছেদে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, জেলেদের স্বার্থ রক্ষা এবং মৎস্য সম্পদ বৃদ্ধিতে কোনো বাধা বরদাশত করা হবে না।
এছাড়া সরকারি প্রতিটি দপ্তরে সাধারণ মানুষের হয়রানি বন্ধের তাগিদ দিয়ে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, প্রতিটি সরকারি চাকরিজীবীকে জনগণের সেবা করার মন-মানসিকতা নিয়ে কাজ করতে হবে। কমলনগর উপজেলায় ঘুস ও দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সভায় প্রশাসনকে উদ্দেশ করে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, যুবসমাজ দেশের সম্পদ, এ যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আপসহীন থেকে কাজ করতে হবে। এ বিষয়ে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বস্ত করেন তিনি। এ সময় উপজেলাবাসীর শান্তিশৃঙ্খলায় মাদক ব্যবসায়ী ও এর গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেন আশরাফ উদ্দিন নিজান।
তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমরা একটি উন্নত ও নিরাপদ কমলনগর গড়তে চাই। এখানে সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করবে এবং কোনো ভয়ভীতি ছাড়াই সরকারি সেবা পাবে। যারা অনিয়ম করবে, তারা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সবাই নবনির্বাচিত সংসদ সদস্যের এসব জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।