।।বিকে রিপোর্ট।।
টেকনাফ সীমান্তের ওপার থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক কিশোরী নিহত হয়েছে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার ১১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আফনান আরা (১২) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি এলাকায় থাকা অবস্থায় হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক কিশোরী নিহত হয়। আফনান গুরুতর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
একই ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের দ্রুত টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আফনান নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তারা সড়কে অবস্থানে করছেন।
বিক্ষোভকারীরা সীমান্ত নিরাপত্তা জোরদার, নিহত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ এবং সীমান্তে মর্টার শেল পড়া বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান।
সড়ক অবরোধের কারণে সকাল থেকে টেকনাফ-কক্সবাজার সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে যাত্রী, পর্যটক ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। তবে একাধিক দফা আলোচনা সত্ত্বেও দুপুর পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়নি।