।।বিকে রিপোর্ট।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীনকমিশন।
বুধবার ১০ ডিসেম্বর দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিইসির সঙ্গে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈঠকে রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানান সিইসি। ইসির প্রস্ততিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করে তুলতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যখন যা কিছু দরকার সবধরনের সহায়তা করবেন বলে ইসিকে আশ্বাস দেন রাষ্ট্রপতি।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, বৈঠকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন নিয়ে কথা হয়েছে। পাশাপাশি, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয়ে জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য আজ বিকেল ৪টায় ইসিতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়েছে। রেওয়াজ আছে, যেদিনই ভাষণ রেকর্ড করা হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ করে সেদিনই তফসিল দেয়া হয়।
এর আগে, রাষ্ট্রপতি কার্যালয়ের উপ সচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ (অব.) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আরও বলা হয়, সাক্ষাৎকালে নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।