Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

রোজা না রাখায় কান ধরে উঠবস করানো : ক্ষমা চেয়েছেন সেই ব্যবসায়ী নেতা

  • ০১:০৩ পিএম, বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

রোজা না রাখায় কান ধরে উঠবস করানো : ক্ষমা চেয়েছেন সেই ব্যবসায়ী নেতা

।।বিকে রিপোর্ট।।
লক্ষ্মীপুরে দিনের বেলায় হোটেলে খাবার খাওয়ায় হোটেল থেকে বের করে কয়েকজনকে রাস্তায় প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন।

বুধবার ১২ মার্চ দুপুরে লাঠি হাতে নিয়ে ওই নেতা পৌর শহরের চকবাজার এলাকায় কয়েকজনকে কান ধরে উঠবস করাতে বাধ্য করেন। এরপর ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বেত হাতে বণিক সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে বেশ কয়েকজন বাজারে বিভিন্ন দোকানে ঢুকে অভিযান চালাচ্ছেন। এসময় বেশ কয়েকজন বয়স্ক-যুবকদের ধরে জনসম্মুখে কান ধরে ওঠবস করাচ্ছেন।

ওই ভিডিওতে এক বৃদ্ধকে উদ্দেশ্য করে আজিজকে বলতে শোনা যায়, বেয়াদব, মুখের মধ্যে দাঁড়ি। মৃত্যুর ভয় নাই, চুল পেঁকে গেছে। রোজা কেন রাখেন না, আপনি মুসলমান না। আপনার ছেলে সন্তান আছে না। কেন রোজা রাখতেছেন না। বৃদ্ধ বমির কথা বলতেই তিনি বলেন, কি বমি হয়েছে। বমি হলে রোজা ভাঙে না। আর কখনো রোজা ভাঙবেন? বৃদ্ধ না বললেও তিনি তাকে জোর গলায় বলেন, কানে ধরেন, বসেন। আর কখনো রোজা ভাঙবেন না। কাল থেকে রোজা রাখবেন।

কান ধরানোর ব্যাপারে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ জানান, মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এর আগে দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে বণিক সমিতি নেতা আজিজ অভিযান চালায়। এ সময় রোজাহীন কয়েকজন যুবক-বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় প্রকাশ্যে তিনি কানে ধরে উঠবস করতে বাধ্য করেন। ঘটনাটির কয়েক খন্ড ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা সমালোচনা। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও এ ঘটনার সংবাদ পরিবেশিত হয়। এতে রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে।

এ নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হলে রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুইজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সেই নেতা আব্দুল আজিজ।

থানা এলাকায় করা ভিডিও বার্তায় দেখা গেছে, আজিজ ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজুকে জড়িয়ে ধরে ক্ষমা চান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া লাল চুল ও দাঁড়িওয়ালা বৃদ্ধকে ভিডিওতে দেখা যায়নি।

ওই ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, কয়েকজন হোটেলে খাবার খাওয়ার জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে উনাদেরকে বলেছি আপনারা কেন খাচ্ছেন। আপনারা তো মুসলমান। সেক্ষেত্রে তারা বলেছে রোজা রাখেননি। আমি আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ।

এটা ধর্মীয় অনুভূতি। সেজন্য এটা আমার করা ঠিক হয়নি। এজন্য আমি উনাদের কাছে ক্ষমা চাই। উনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরণের পুনরাবৃত্তি আর কখনো করব না। এ ধরণের কাজের সঙ্গে জড়িত হব না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু জানান, রমজানের পবিত্রতা রক্ষায় বণিক সমিতি নেতা তাদেরকে শাস্তি দিয়েছেন। এখন তিনি ক্ষমা চেয়েছেন। তারা আইনগত ব্যবস্থা নেবেন না।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, ঘটনার প্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে দুই ব্যক্তিকে আমরা থানায় এনেছি। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেননি। এছাড়া আজিজ নিজেও ক্ষমা চেয়েছেন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী লাল চুল-দাঁড়িওয়ালাকে আমরা খুঁজেছি পাইনি। শুধু লাল দাঁড়িওয়ালা না, ভূক্তভোগী অন্য কেউ এসেও যদি অভিযোগ দেন, আমরা আইনগত ব্যবস্থা নেব।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, এ বিষয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা কিংবা প্রশাসন থেকে বণিক সমিতির নেতাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারা এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাতে পারে না। কোনো ব্যবসায়ী অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech