।।বিকে ডেস্ক।।
লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলার চেষ্টার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
শনিবার ১৩ সেপ্টেম্বর রাতে সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
প্রেস উইং জানায়, লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনার থেকে বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য পথ আটকে দেওয়ার চেষ্টা করে।
তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় গাড়ির ভেতরে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না।
বাংলাদেশ হাই কমিশন জানায়, পুলিশ তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল এবং উপদেষ্টা মাহফুজ আলমের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ধরনের প্রকাশ্য হয়রানির নিন্দা জানিয়ে বলেন, আমাদের সরকার, বাংলাদেশের জনগণ এবং আয়োজক দেশের কর্তৃপক্ষ সভ্য মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছে। দুর্বৃত্তরা বর্বরতা ও উৎপীড়নের জগতে বসবাস করছে।
সরকারের বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতা কখনো প্রতিবাদ নয়, ভয়ভীতি প্রদর্শন বাকস্বাধীনতা নয়। শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের ভিত্তি, তবে তা অবশ্যই দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ হতে হবে।
বিবৃতিতে কনস্যুলার যানবাহনে হামলাকে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের শামিল বলে উল্লেখ করে অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে মেট্রোপলিটন পুলিশকে আহ্বান জানানো হয়। একইসঙ্গে, প্রবাসী রাজনৈতিক নেতা ও সংগঠনগুলোকে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ তৈরি করার আহ্বান জানানো হয়।
অন্তর্বর্তীকালীন সরকার এসব ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে।
বাংলাদেশের জনগণ এবং দুই দেশের কর্তৃপক্ষ সভ্যতা ও মূল্যবোধের পক্ষে অবস্থান করলেও এই ধরনের হামলার ঘটনায় সম্পৃক্ত দুর্বৃত্তরা বর্বরতা ও সহিংসতার জগতে বাস করছে। গণতন্ত্রে এমন কোনো আচরণের স্থান নেই যেখানে যুক্তির বদলে আক্রমণ এবং তর্ক-বিতর্কের পরিবর্তে সন্ত্রাসকে বেছে নেওয়া হয়। নিউ ইয়র্কে হামলার পরেও সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল, সহিংসতা কোনো প্রতিবাদ নয়; ভয় দেখানো কোনো মত প্রকাশের স্বাধীনতা নয়। একই বক্তব্য লন্ডনের ঘটনায়ও পুরোপুরি প্রযোজ্য।
এর আগে, নিউইয়র্কে সরকারি কাজে থাকাকালে মাহফুজ আলমের ওপর হামলার ঘটনাও ঘটে। সেখানে বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনে ডিম ও বোতল নিক্ষেপ করে কাচের দরজা ভেঙে ফেলে। পরে মিশনটি স্টেট ডিপার্টমেন্ট ও স্থানীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।
নিউ ইয়র্কের ঘটনার পর আমরা যে নীতিতে জোর দিয়েছিলাম এবারও তা পুনর্ব্যক্ত করছি: বাকস্বাধীনতা, সমাবেশ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের ভিত্তি, তবে তা অবশ্যই দায়িত্ব ও শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করতে হবে।
কনস্যুলার যানবাহনকে টার্গেট করা এবং চলাচলে বাধা দেওয়ার চেষ্টা কেবল দায়িত্বজ্ঞানহীনই নয়, এ আচরণ দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় প্রচলিত আন্তর্জাতিক মানদণ্ডকেও লঙ্ঘন করে।
আমরা মেট্রোপলিটন পুলিশের পদক্ষেপকে স্বাগত জানাই এবং অপরাধীদের শনাক্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে প্রয়োজনীয় সমন্বয়ের আহ্বান জানাই।
যারা এই আচরণ সংগঠিত করেছে বা প্ররোচিত করেছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই: শিশুসুলভ আচরণ থেকে বিরত থাকুন। যদি আপনারা সত্যিই আপনাদের নীতিতে বিশ্বাস করেন, তাহলে তা শান্তিপূর্ণভাবে, আইনগতভাবে এবং মর্যাদার সঙ্গে উপস্থাপন করুন। ডিম ছোড়া, মারামারি করা বা ভয়ভীতি প্রদর্শন কারো মন জয় করে না; বরং এতে শুধু প্রমাণ হয় যে আপনাদের আর কোনো যুক্তি অবশিষ্ট নেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আয়োজকগণ এবং প্রবাসীদের প্রতি আমরা আহ্বান জানাই, সভ্য সংলাপের পক্ষে নিজেদের দৃঢ় অবস্থান ব্যক্ত করুন। কঠিন আলোচনার আয়োজন করুন, কিন্তু এমন আচরণ বজায় রাখুন যা বক্তা, শ্রোতা এবং বৈধ প্রতিবাদকারী উভয়কেই সুরক্ষিত রাখে।