।।বিকে রিপোর্ট।।
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে ছিলেন।
শনিবার ২ মে প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তিনি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেন।
এর আগে তারেক রহমান সকাল ১০ টা ৫ মিনিটে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
মাজারে যাওয়ার পথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাঁকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান।
এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্রসাশক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে তারেক রহমানের এটি প্রথম সফর। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে খাল খনন কর্মসূচি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতে ঢাকায় ফিরবেন।
তিনি বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন। পরে দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।
এরপর সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।
বিকাল ৫টায় প্রধানমন্ত্রী নগরীর শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।