Breaking News:


শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি চীন সফরে গেছেন মির্জা ফখরুল সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা : মানতে হবে যে ১৪ নির্দেশনা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের সঙ্গে বেঈমানী করছে চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ট্রাম্প জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে – বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ইরানের সঙ্গে বৈঠক করতে পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

সুমুদ ফ্লোটিলার ৫০০ অধিকারকর্মী সহ ৩৯ জাহাজ আটক : কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

  • ১০:২২ পিএম, বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার ৩৯টি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। এরফলে আর মাত্র একটি জাহাজ এখনো গাজার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।

বৃহস্পতিবার ২ অক্টোবর দখলদার ইসরায়েলী বাহিনী নৌ অভিযান পরিচালনা করে, তাদের আটক করে। আটক করা জাহাজগুলোয় পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন।

গতকাল রাতে আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে জাহাজগুলোর ওপর হামলে পড়ে ইসরায়েলি নৌ কমান্ডোরা। তারা জাহাজগুলোতে উঠে অধিকারকর্মীদের আটক করা শুরু করে। জাহাজে লাগানো ক্যামেরার লাইভ ফিডে দেখা গেছে, ইসরায়েলি কমান্ডোরা অস্ত্রসস্ত্র নিয়ে জাহাজে উঠছেন। ওই সময় জাহাজের যাত্রীরা হাত উপরের দিকে তুলে রেখেছিলেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে গ্রেটা থুনবার্গ তার জাহাজের এক কোণায় বসে আছেন। ওই সময় তাকে ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনাবাহিনী। গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ আছে বলেও জানায় দখলদারদের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত‌‌ ‌‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। খাবার ও ওষুধ নিয়ে আগস্টের শেষ দিক থেকে গাজার দিকে রওনা দেন এসব অধিকারকর্মী। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা রয়েছেন। জাহাজে তাদের সঙ্গে আইনজীবীরাও ছিলেন।

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের আরোপিত দখলদার ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য। গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে গাজার কাছাকাছি আসার পর গতকাল রাত থেকে জাহাজগুলো আটক করা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী।

যাত্রা শুরুর পর এসব জাহাজের নিরাপত্তার জন্য নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল স্পেন ও ইতালি। এছাড়া ড্রোন দিয়ে সহায়তা করছিল তুরস্ক। কিন্তু ইসরায়েলি সেনারা ফ্লোটিলার জাহাজরগুলো আটকের সময় এ দেশগুলোর নৌবাহিনীর জাহাজ ছিল না।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজ আটকের ঘটনার নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে ফ্লোটিলার ওপর হামলা ‘সন্ত্রাসী হামলা’। ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। বুধবার রাতে জাহাজগুলো আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়।  

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক বলেন, যেসব জাহাজ এখনও আটক হয়নি, সেসব জাহাজ যাত্রা চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, তারা দৃঢ়সংকল্পবদ্ধ, ব্যাপক অনুপ্রাণিত এবং ভোরেই অবরোধ ভাঙার জন্য সবকিছু করছে।

এক বিবৃতিতে আয়োজকরা নৌযান আটকের ঘটনাকে ‘‘অবৈধ’’ বলে আখ্যা দিয়েছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় ইসরায়েলি বাহিনী নৌযান আটক করেছে। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নৌযান আটকের পর অন্যান্য কয়েকটি জাহাজের লাইভ সম্প্রচার বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকামুখী বৈশ্বিক ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, হামাস-সুমুদ জাহাজের যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে।   তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন। এক্স পোস্টে থুনবার্গ ও অন্যান্য কর্মীদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েল।

সূত্র: রয়টার্স/এএফপি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech