।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার ২৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকারকে সহযোগিতা করব। নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত আছে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ কেবল নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন সামাজিক ও জাতিগঠনমূলক কার্যক্রমে অংশ নিয়ে সরাসরি ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। তিনি শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূমিকারও প্রশংসা করেন।
এ সময় সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছে। সবকিছুই সম্ভব হয়েছে সেনাসদস্যদের তীব্র দেশপ্রেম, কর্মদক্ষতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বপালনের আন্তরিকতার কারণে।
সেনাপ্রধান জানান, ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে শান্তিকালীন পদক চালু হয়েছে। এবারও সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক ও বিশিষ্ট সেবা পদকপ্রাপ্তদের সম্মানিত করা হয়েছে। তিনি পদকপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। এরমধ্যে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।