Breaking News:


অবশেষে নেপাল থেকে নিরাপদে দেশে ফিরলেন ফুটবলাররা

  • ০৮:২২ পিএম, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
অবশেষে নেপাল থেকে নিরাপদে দেশে ফিরলেন ফুটবলাররা। তাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিকরাও একই বিমানে ফিরেছেন।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকাল ৪টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে জামাল ভূঁইয়াদের বহনকারী বিমানটি অবতরণ করে।

বাংলাদেশ বিমান বাহিনী তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পোস্টে তারা লিখেছে, নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিমান এর বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।

উল্লেখ্য, নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। গত শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে গত মঙ্গলবার নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি নেপালের সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয়।ওইদিনই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে খেলোয়াড়রা বাধ্য হয়ে কাঠমান্ডুর হোটেলে অবস্থান করতে থাকেন। গত দুই দিন হোটেলেই বন্দী অবস্থায় সময় কাটাতে হয় জামালদের।

তাদের যাত্রা নিশ্চিত করতে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় ফুটবল দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। আজ বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে চারটায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখেন জামাল ভূঁইয়ারা।

এর আগে আজ সকালে কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেল থেকে বের হয়ে স্থানীয় সময় পৌনে ৯টায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। পরে সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে বেলা ২টা ৫৫ মিনিটে দেশের বিমান ধরেন ফুটবলাররা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech