।।বিকে স্পোর্টস।।
এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হয়েছে বেশ ভালো লড়াই। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। আফগানিস্তানকে সিরিজ হারাতে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪৮ রান। জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেলেও জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
তবে শেষ দিকে আবারও দুজনের বিদায়ে চাপে পড়ে যায় টাইগাররা। আরও একবার বাংলাদেশের ত্রাতা হয়েছেন নুরুল হাসান সোহান। শেষ দিকে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শরিফুল ইসলামও। সোহান-শরিফুলের ব্যাটে চড়ে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। ৫ বল বাকি রেখেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটের জয়ে নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও।
শেষ ম্যাচে জিতলেই আফগানদের করা যাবে হোয়াইটওয়াশ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন ফিরে যান ২ রান করে। এরপর জাকের আলি অনিককে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাইফ হাসান। পরে ব্যক্তিগত ১৮ রান করে সাইফ বিদায় নিলেও লড়তে থাকেন জাকের।
২৪ রানে ৩ উইকেট হারানোর পর শামীম-জাকেরের ব্যাটে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ দল। দুইজনই বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে খেলছিলেন। এরপর ৩৩ রানে শামীম এবং জাকের ৩২ রানে বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। ১০৫ রানে দলের ৫ উইকেটের পতন ঘটে। তবে সোহান আশা বাঁচিয়ে রেখে দলের হাল ধরেন। অন্যপ্রান্তে যদিও নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও সাইফউদ্দিনরা দ্রুত ফিরলে আশঙ্কার মেঘ কালো হতে থাকে।
১২৯ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ হারের মুখে পড়ে। তবে আশা বাঁচিয়ে রাখা সোহান সেই বিপদ কাটিয়েছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শরিফুল। নিশ্চিত করেছেন টানা দ্বিতীয় ম্যাচে জয়। বিপরীতে আফগানদের হয়ে ৪ উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামা আফগানদের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখেন শরিফুল-নাসুমরা। শেষ পর্যন্ত রশিদ খানের দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। তাদের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩৮ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন নাসুম ও রিশাদ।
ম্যাচ শেষে সোহানের ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংসের প্রশংসায় মেতেছেন প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহানের ইনিংস নিয়ে সিমন্স বলেছেন, আজকে সে (সোহান) দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসলো। ব্যাটারদের থেকে এটাই চাই আমি। যখনই সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।