।।বিকে রিপোর্ট।।
জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার ১৮ অক্টোবর বিএনপি নেতার বক্তব্য শোনার পর তার প্রতিক্রিয়ায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
মূলত জুলাই জাতীয় সনদে সই না করা এবং গতকালের অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল।
সে প্রসঙ্গে কথা বলার পর নাহিদ ইসলাম বলেন, আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব (সালাহউদ্দিন আহমদ) উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা, যারা গতকাল আহত হয়েছে, তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন ‘জুলাই যোদ্ধা’ নামে কয়েক শ ব্যক্তি। পরে পুলিশ পিটিয়ে তাঁদের বের করে দেয়। এরপর তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
জুলাই সনদ স্বাক্ষরকে তিনি বাংলাদেশের ভবিষ্যতের পথনির্দেশক হিসেবে উল্লেখ করে বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
সালাহউদ্দিন অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের সুবিধাভোগী কিছু দল চায় না বিএনপি ক্ষমতায় আসুক।
জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য সালাহউদ্দিন আহমদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে পরিচয় দেন, রাজনৈতিক দল করেছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে নানা কথা বলে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, আমার বক্তব্যকে অপব্যবহার করা হয়েছে। জুলাই যোদ্ধারা কেন নিজেদের কাঁধে ওই ঘটনার দায় নিচ্ছে? বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না।
উল্লেখ্য, সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সালাহউদ্দিন শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেছিলেন, ‘যেসব বিশৃঙ্খলা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।’