Breaking News:


নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

  • ০৮:৫৭ পিএম, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।

শুক্রবার ২৪ অক্টোবর বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।

দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগির নির্ধারিত তারিখটি সবাই জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।

জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন—এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবেন—এটি তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন, তা পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকেই তিনি নির্বাচন করতে পারেন।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচনে অংশ নেবেন কি না। আমরা অবশ্যই চাই তিনি অংশগ্রহণ করুন।

উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তার অনুপস্থিতিতে পাঁচ মামলায় সাজা দেওয়া হয়। এছাড়াও দায়ের করা হয় শতাধিক মামলা। তার বক্তব্য-বিবৃতি প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। তারেক রহমান চলে আসেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সব মামলা থেকে ইতোমধ্যে খালাস পেয়েছেন। তবে এক বছরের বেশি সময় পরও তিনি দেশে ফিরেননি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech