।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আমেজ চাঙ্গা করে তুললো বিএনপি। তিনশ আসনের মধ্যে ২৩৭টি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার ৩ নভেম্বর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রার্থী হবেন।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া-৬ আসন থেকে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হবেন ঠাকুরগাঁও-১ আসন থেকে।
বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ভোলা-৩ আসনে নির্বাচন করবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে লড়বেন। ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
কুমিল্লা-১ আসনে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তিনশ আসনে অন্তত ৫টি জরিপ চালান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তিনি সাংগঠনিক টিমের মতামত নেন। যেখানে বেশি সংকট মনে হয়েছে, সেখানে নিজে অথবা স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করেন।
সর্বশেষ, গত ২৬ ও ২৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ধানের শীষের মনোনয়ন পাওয়াদের তালিকা দেখতে ক্লিক করুন