।।বিকে রিপোর্ট।।
জনগণের দাবি ও অভিপ্রায় উপেক্ষা করে প্রধান উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোটের নির্দেশ দিয়েছেন। এতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিন নির্বাচন ও গণভোট হলে সংকট তৈরি হবে- বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষনোত্তর প্রতিক্রিয়া এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকটটা রয়েই গেলো।
আমরা এই সংকট নিরসনের জন্য দাবি ও আন্দোলন করে আসছি। কিন্তু সংকট রয়েই গেছে। আমাদের সমমনা দলগুলোও পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়া জানাবে। প্রত্যেকটি নির্বাচনে বিশৃঙ্খলা হয়, কেন্দ্রে ঝামেলা হলে গণভোটের কি হবে।
জামায়াত নেতা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। এই ঘোষণায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি৷ জামায়াতের সর্বোচ্চ ফোরামে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান জামায়াত সেক্রেটারি।
এরআগে, দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে।
অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।