Breaking News:


শততম টেস্টে শতরানের এলিট ক্লাবে মুশফিক

  • ১২:১৬ পিএম, বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
মাত্র ১ রানের জন্য এত দীর্ঘ অপেক্ষা! জ্বি, দীর্ঘ ১৭ ঘণ্টা পুরো বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে অপেক্ষায় রাখলেন মুশফিকুর রহিম।

বুধবার ১৯ নভেম্বর নার্ভাস নাইনটির শেষ প্রান্তে ৯৯ রানে থেমে যান তিনি। শেষ বিকেলে ঝুঁকি না নিতে গিয়ে সেঞ্চুরিটা পূরণ করতে পারেননি ১৮৭টি বল খেলেও।

মাত্র একটি রানের জন্য অপেক্ষায় রেখে দিলেন সারাদেশকে। মুশফিক নিজেও কি স্বস্তিতে ছিলেন গতকাল রাতে? ঠিকমতো ঘুমাতে পেরেছিলেন, উত্তেজনা কিংবা টেনশনে? অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ১৯৫ বল খেলে কাঙ্ক্ষিত সেই মাইলফলকে পৌঁছে গেলেন মুশফিকুর রহিম।

শততম টেস্টে শতরানকারী হিসেবে বিশ্ব ক্রিকেটে ১১ নম্বর জায়গাটি নিজের করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। আর নিঃসন্দেহে বাংলাদেশের হয়ে প্রথম। প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম- ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেলো এই নাম।

টেস্টে বাংলাদেশের টপ স্কোরার তিনি। মিরপুরে চলমান এই ম্যাচের আগে ৯৯ টেস্টের ১৮২ ইনিংসে মুশফিকুর রহিমের রান ছিল ৬৩৫১। শতক ১২টি। অর্ধশতক ২৭টি।

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এর আগে শততম টেস্টে শতরানের কৃতিত্ব রয়েছে মাত্র ১০ জন ব্যাটারের। কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, ডেভিড ওয়ার্নারের।

শততম টেস্টের মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় ইংল্যান্ডের মাইকেল কলিন কাউড্রেই করেছিলেন সেঞ্চুরি। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমে এই ব্যাটার করেছিলেন ১০৪ রান।

এর দুই দশক পর ১৯৮৯ সালে এই কীর্তি গড়েন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তার শততম টেস্ট খেলতে নেমে ১৪৫ রান করেন তিনি।

এরপর এই এলিট ক্লাবে একে একে প্রবেশ করেন গর্ডন গ্রিনিজ ও অ্যালেক স্টুয়ার্ট। ১৯৯০ সালে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ইংল্যান্ডের বিপক্ষে করেন ১৪৯ রান।

তার এক দশক পর ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট করেন ১০৫ রান।

এরপর ২০০৫ সালে শততম টেস্ট খেলতে নামে পাকিস্তানের ইনজামাম-উল-হক। জাভেদ মিয়াঁদাদের মতো তারও প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। সেদিন ১৮৪ রানে থামেন এই পাকিস্তানি ব্যাটার।

আগের পাঁচজন নিজের শততম টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি করলেও নতুন ইতিহাস গড়েন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। তিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই শতক হাঁকিয়ে অনন্য রেকর্ড স্থাপন করেন। দুই ইসিংসে তিনি করেছেন যথাক্রমে ১২০ ও ১৪৩*।

এরপর গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে ১০০তম টেস্টে করেন সেঞ্চুরির রেকর্ড।

স্মিথ ২০১২ সালে শততম টেস্টে ১৩১ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে, আর আমলা ২০১৭ সালে ১৩৪ রান করেন শ্রীলঙ্কার বিপক্ষে।

শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জো রুট আর ডেভিড ওয়ার্নার তো ছাড়িয়ে গেছেন সবাইকে। ২০২১ সালে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার করা কাঁটায় কাঁটায় ২০০-এর বিপরীতে রেকর্ড শততম টেস্টে ২০২২ সালে সর্বোচ্চ ২১৮ রান করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট।

এবার ২০২৫ সালে এসে এই এলিট ক্লাবে ১১তম খেলোয়াড় যোগ দিলেন মুশফিক। নিজের শততম ম্যাচে ১০৬ রান করেছেন এই বাংলাদেশি কিংবদন্তি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech