।।বিকে স্পোর্টস।।
চতুর্থ দিন শেষেই ঢাকা টেস্টে বড় জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ।
পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশের জয় নিশ্চিত হবে বলে ধারণা করলেও কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ কেবল অপেক্ষার প্রহর বাড়িয়েছে।
রবিবার ২৩ নভেম্বর বিজয়ের অপেক্ষ প্রলম্বিত করে ৫৯.২ ওভার ব্যাট করল আয়ারল্যান্ডের টেল এন্ডাররা। ৭১ রানে অপরাজিত কার্টিস ক্যাম্ফার মিরপুরে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ বল (২৫৯) খেলার রেকর্ডও গড়ে ফেললেন।
৫০৯ রানের লক্ষ্যে শেষ পর্যন্ত ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতল ২১৭ রানে।
২১৭ রানের ব্যবধানে বড় জয়ে সিরিজও জিতে নিল স্বাগতিক বাংলাদেশ। সেইসঙ্গে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি ২৫তম জয়।
গতকাল ৬ উইকেটে ১৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তখনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল হোসেন শান্ত’র দল। তবে সিরিজ নিশ্চিত করতে তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে।
আগেরদিন টপ ও মিডল অর্ডার ব্যাটাররা ৫৪ ওভার খেলেছিল, বিপরীতে আজ তাইজুল-হাসানদের বিপক্ষে দাঁতে দাঁত চেপে বাকি ৪ ব্যাটার খেললেন ৫৯ ওভার। এর আগে সিলেট টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতেছিল। ফলে লাল বলের সিরিজ শেষ হলো ২-০ ব্যবধানে।
এর আগে মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১২ বল খেলার রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। তাকে ছাড়িয়ে ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার। যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। এর আগে এই আইরিশ অলরাউন্ডার আন্তর্জাতিক টেস্টে একটি সেঞ্চুরি করেছিলেন।
আইরিশদের পঞ্চম দিনে অর্ধেকেরও বেশি সময় ম্যাচে টিকিয়ে রাখার মূল ভূমিকা ছিল ক্যাম্ফারের। তিনি অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে ১০৫ বলে ২৬, জর্ডান নিলের সঙ্গে ৮৫ বলে ৪৮ এবং নবম উইকেটে গ্যাভিন হোয়ের সঙ্গে ১৫১ বলে ৫৪ রানের জুটি গড়েছিলেন।
ম্যাচের শেষ দিনে ৪ উইকেট নিয়ে ৫৯.৩ ওভার ব্যাটিং করেছে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ৪ চার ও ২ ছক্কায় ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্ফার। হোয়ে করেন ১০৪ বলে ৩৭ রান।
প্রথম সেশনে ৩৯ ওভারে মোটে ২ উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ। পরে দ্বিতীয় সেশনে আরও ২০.৩ ওভার করে বাকি ২ উইকেট নিয়েছে তারা।
বাংলাদেশের পক্ষে ৪টি করে উইকেট নেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯, আগের দিন ১৭৬/৬) ১১৩.৩ ওভারে ২৯১ (ক্যাম্ফার ৭১*, ম্যাকব্রাইন ২১, নিল ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০; ইবাদত ১১-৩-২৯-০, তাইজুল ৪০-৭-১০৪-৪, খালেদ ১২-০-৪৫-১, মিরাজ ২৭-১১-৪৯-১, মুরাদ ২২.৩-১১-৪৪-৪, মুমিনুল ১-০-২-০)