।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ।
সোমবার ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, নির্ধারিত সময় পার হলে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন— ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ, ঢাকা-১০ আসনে রবিউল ইসলাম, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৬ আসনে আমিনুল হক এবং ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানসহ আরও অনেকে।
এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, আজ দুপুরে বিএনপি ও জামায়াত মনোনীত আরও কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা শেষ হবার আগে গতকাল রবিবার সারাদিন দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রায় ৩ হাজার প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
এদিকে, ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এই সময়ের পর প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে ইসি।
এদিকে, গত ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সংশোধনী অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।
সংশোধিত তফসিল অনুসারে, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।