Breaking News:


দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান: ভোর থেকে জনসভার আশপাশ এলাকায় মানুষের ঢল

  • ১২:০৭ পিএম, রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে মিছিলে বিএনপির নেতাকর্মীরা আসছে চট্টগ্রামের জনসমাবেশে।

রবিবার ২৫ জানুয়ারি ভোর থেকে কেউ আসছেন দলবেঁধে, কেউ কেউ আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।

সকাল সাড়ে ৭টার দিকে সরেজমিনে পলোগ্রাউন্ড মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে। সমাবেশ স্থল পলোগ্রাউন্ড মাঠের আশপাশের এলাকা টাইগারপাস মোড়, ফলমণ্ডি মোড়, সিআরবি সড়কে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে। নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন।

আগেভাগে আসা নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছে থেকে একনজর দেখার ইচ্ছা থেকে সকাল সকাল উপস্থিত হয়েছেন। এছাড়া সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সকালে সমাবেশের আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে, টাইগারপাস মোড়, কদমতলী মোড়, সিআরবি প্রবেশমুখে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। টাইগারপাস থেকে সমাবেশে যাওয়ার সড়কেও মানুষ আর মানুষ। এই সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মোড়ে সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে।

চট্টগ্রাম নগর ও জেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দল নেতাকর্মীরা সকাল থেকে সমাবেশে যোগ দিচ্ছেন।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, আমরা রাত থেকেই সমাবেশের আশেপাশে রয়েছি। আমাদের মতো অনেকেই ছিলেন। যেহেতু সকালে প্রোগ্রাম একেবারে শেষ করেই যাব।

এর আগে দীর্ঘ দুই দশক পর দলের প্রধান হিসেবে গতকাল শনিবার ২৪ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান। সেখানেই রাত্রিযাপন করেন তিনি।

এদিকে, দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রত্যাশা। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।

মহাসমাবেশ উপলক্ষ্যে কয়েকদিন ধরে পলোগ্রাউন্ড মাঠে চলছে প্রস্তুতি। মাঠের পশ্চিম পাশে প্রায় দুই হাজারের বেশি বাঁশের খুঁটি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ। আয়োজকদের দাবি, এই মঞ্চে একসঙ্গে প্রায় দেড় হাজার মানুষ বসতে পারবেন। মঞ্চের সামনে রাখা হচ্ছে আরও পাঁচ হাজারের বেশি চেয়ার।

মাঠ ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে দুই শতাধিক মাইক ও ১০টি শক্তিশালী সাউন্ডবক্স। পলোগ্রাউন্ড মাঠ থেকে কদমতলী ও টাইগারপাস পর্যন্ত এলাকায় ব্যবহৃত হবে প্রায় ২০০টি মাইক। শনিবার সরেজমিনে দেখা যায়, মাঠ সমতল করা হয়েছে, চারপাশে বসানো হয়েছে নিরাপত্তা ব্যারিকেড। চট্টগ্রাম সিটি করপোরেশনের গাড়ি দিয়ে মাঠে পানি ছিটানো হয়। একের পর এক গাড়িতে করে মাঠে প্রবেশ করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে মহাসমাবেশ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার আওতায়। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।

মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোন হিসেবে।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech