।।বিকে রিপোর্ট।।
ফরিদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
রবিবার ২৪ মে সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা হাজী আব্দুর ওহেদ মোল্যার ছেলে মো. জাহাঙ্গীর মোল্যা (৬২) ও তার স্ত্রী মাজেদা বেগম (৫৫), ভাই আলমগীর হোসেন মোল্যা (৫৮) ও তার স্ত্রী খুরশিদ বেগম (৪৮)। আরেকজন অ্যাম্বুলেন্সের চালক কাওছার মাতুব্বর (২৫)। তিনি মাদারীপুর সদরের সৈদারবালী এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে চিকিৎসার উদ্দেশ্যে একই পরিবারের চার সদস্যকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে আসছিল। পথে ফরিদপুরের নগরকান্দার শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ পাঁচজনের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন কিছুদিন আগে স্ট্রোক করেন। সেখান থেকে তিনি অসুস্থ ছিলেন। আলমগীরকে নিয়েই তার ভাইবোন ও ভাবি ফরিদপুর মেডিকেলে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তারা এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।
ওসি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। অ্যাম্বুলেন্সের চালকসহ আমরা মাদারীপুরের একই পরিবারের চার সদস্য মরদেহ উদ্ধার করি। লাশের সুরতহাল রিপোর্টের জন্য হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।