।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
কিয়েভের কাছে শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে রাশিয়া। এ হামলায় চারজন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা। আবাসিক বেশকিছু ভবন এবং স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও জানিয়েছেন তারা।
রবিবার ২৪ মে রাতে চালানো ব্যাপক হামলায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘ওরেশনিক’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাশিয়া। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ভূখন্ডে বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে রুশ সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলায় ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে নিক্ষেপযোগ্য কিনঝাল হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি ড্রোনও মোতায়েন করে।
হামলাস্থল থেকে টেলিগ্রাম বার্তায় কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, কিইভের জন্য এ ছিল এক ভয়াবহ রাত। এখন উদ্ধারকারীরা আগুন নেভাচ্ছে এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করছে। চিকিৎসাকর্মীরা আহতদের সেবা দিচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর এ নিয়ে দেশটিতে তৃতীয়বার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ওরেশনিক রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারে।
আগের দু’টো হামলা ইউক্রেনের প্রধান নগরীগুলোতে আঘাত হেনেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এবারের ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে কিইভের উপকণ্ঠ থেকে ৪০ মাইলের মধ্যে একটি নগরীতে আঘাত হেনেছে।
ইউক্রেইনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ৯০ টি ক্ষেপণাস্ত্র এবং ৬শ’ টি ড্রোন ছুড়েছে। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেইনের পানি সরবরাহ ব্যবস্থাকেও হামলার নিশানা করেছে। গ্রিষ্মে চাহিদা বেড়ে যাওয়ার আগে রাশিয়া এই স্থাপনাগুলোর ক্ষতি করতে চেয়েছে।
ওদিকে মস্কো বলেছে, তারা রাশিয়ায় সাধারণ মানুষদের ওপর ইউক্রেইনের চালানো বিমান হামলার জবাবে ওরেশনিক ক্ষেপণাস্ত্র, ইস্কান্দর, কিনজল ও জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ইউক্রেইন রাশিয়ায় সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে।
ইন্টারফ্রাক্স বার্তা সংস্থা রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইউক্রেইনের সামরিক কমান্ড স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্থলবাহিনী, সামরিক গোয়েন্দা স্থল, বিমান ঘাঁটি এবং সামরিক শিল্প স্থান গুলোও হামলার নিশানা ছিল।