।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা পাইলট এবং ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে উড্ডয়নের সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং এতে থাকা আটজন আরোহী নিহত হয়েছেন।
সোমবার ১৫ জুন (স্থানীয় সময়) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে, রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বম্বার এডওয়ার্ড বিমান ঘাঁটির রানওয়ে থেকে বেলা ১১টা ২০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।
বিমানবাহিনীর কর্নেল জেমস হেইস দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, আট ইঞ্জিনবিশিষ্ট জেটচালিত বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। মাটি ছাড়ার অল্প সময়ের মধ্যেই এডওয়ার্ডস ঘাঁটির রানওয়েতে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আকাশে উঠতে থাকা ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী বহু মাইল দূর থেকেও দেখা যায়।
দুর্ঘটনার অল্প সময়ের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো— তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান ঘাঁটি কর্তৃপক্ষ।
হেইস জানান, বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দুইজন কর্মীও রয়েছেন। এই ফ্লাইটের উদ্দেশ্য ছিল একটি রাডার আধুনিকীকরণ কর্মসূচিকে সহায়তা করা। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন।
নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিমানবাহিনী জানিয়েছে, স্বজনদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত নাম প্রকাশ করা হবে না।
দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের যেসব উড়োজাহাজ বাইরে ছিল, সেগুলোকে অন্যান্য ঘাঁটিতে অবতরণের নির্দেশও দেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১০০ মাইল উত্তরে মরুভূমির বিস্তীর্ণ এলাকা পুড়ে কালো হয়ে গেছে এবং এখনো ধোঁয়া উঠছে। ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বড় বলে জানা গেছে। ঘটনাস্থলের চারপাশে জরুরি সেবা যানবাহন চলাচল করতে দেখা যায়।
উল্লেখ্য, ‘বি-৫২ হেভি বোম্বার’ বিশ্বের সবচেয়ে বড়, শক্তিশালী ও সমৃদ্ধ বোমারু বিমানগুলোর মধ্যে একটি। ১৯৫৪ সালে প্রথম এই সামরিক উড়োজাহাজ আকাশে ওড়ায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বিমানটির মূল নকশাও করেছিল তারাই। পরে যুক্তরাষ্ট্রও একই নকশায় এ বিমান তৈরি করা শুরু করে। মার্কিন প্রতিরক্ষা বহরে বি-৫২ হেভি বোম্বার একটি গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ।
বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার সাবসনিক বোমারু বিমান, যা ৭০ হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম। বহু দশক ধরে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু শক্তির প্রধান ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশালাকৃতির এই বোমারু বিমানের দৈর্ঘ ১৫৯ ফুট এবং দুই ডানার প্রস্থ ১৮৫ ফুট। একটি বি-৫২ বোমারু বিমানের কম্ব্যাট রেঞ্জ ৮ হাজার ৮০০ মাইলের বেশি, অর্থাৎ যে কোনো যুদ্ধক্ষেত্রে ৮ হাজার ৮০০ মাইল এলাকা কভার করার জন্য একটি বি-৫২ হেভি বোম্বার যথেষ্ট।
একটি বি-৫২ হেভি বোম্বার একসঙ্গে বিপুল পরিমাণ বোমা, গোলা, ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই বিমান পরমাণু বোমা পরিবহন ও নিক্ষেপ করতে সক্ষম।
সূত্র : এএফপি/বিবিসি