ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ৩৮

  • ০৮:২০ পিএম, বুধবার, ১৭ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে, জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স সংস্থা বিএমকেজি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভূমিকম্পটি হয়, এর উপকেন্দ্রটি ছিল পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে আর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

মঙ্গলবার ১৬ জুন রাতে সংস্থাটি আরও জানিয়েছে, সিগি অঞ্চলে একজনের মৃত্যু হয়েছে; কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি। ভূমিকম্পটিতে ৩৮ জন আহত হয়েছে।

বিএমকেজি আরও জানায়, কেন্দ্রীয় সুলাওয়েসি প্রদেশের তিন অঞ্চলকে সংযোগকারী সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, সেতু ও সরকারি দপ্তর এবং ৬৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির উৎপত্তি হয়নি। ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে পালু ও আশপাশের এলাকাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ২০ ফুট উচ্চতার ঢেউয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এটি ইন্দোনেশিয়ার সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম প্রাণঘাতী ছিল।

ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ারের’ ভূ-গঠনগতভাবে একটি জটিল অংশ। এই ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা’ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে শুরু হয়ে রাশিয়া, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় আগ্নেয়গিরি বলয়।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech