শিরোনাম :
রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৩-২ গোলে শেষ ষোলোয় মরক্কো নেদারল্যান্ডসের বিদায় সরকারী চাকরিজীবিদের নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর ১ জুলাই থেকে শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল তিস্তা-দুধকুমারে পানি বৃদ্ধি: উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো বিশাল মৃত তিমি ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, বিভিন্ন এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছানোই সম্ভব হয়নি খেলাপি ঋণ কমাতে বড় ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ৮ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, হতে পারে বজ্রসহ বৃষ্টি

খেলাপি ঋণ কমাতে বড় ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক

  • ১০:৩৫ এএম, মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
দেশের ব্যাংক খাতের ক্রমবর্ধমান খেলাপি ঋণ কমাতে এবং উৎপাদনশীল খাতে ঋণ বাড়াতে বড় ছাড় (এক্সিট সুবিধা) দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন মন্দ বা খেলাপি ঋণের পুরো টাকা এককালীন পরিশোধ করে দায়মুক্ত হতে পারবেন গ্রাহকেরা।

সোমবার ২৯ জুন বাংলাদেশ ব্যাংক থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে তা পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান, তারল্য ব্যবস্থাপনা ও নতুন ঋণ দেওয়ার ক্ষমতা নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। এ অবস্থায় ব্যাংক খাতের খেলাপি ঋণ কমানো আবশ্যক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যেসব ঋণগ্রহীতা বিভিন্ন কারণে আর্থিক সংকটে পড়লেও ব্যবসা পরিচালনার সক্ষমতা রাখেন এবং ঋণ পরিশোধের আন্তরিকতা রয়েছে, তাঁদের এই এককালীন বিশেষ এক্সিট সুবিধা দেওয়া হবে। এতে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমবে এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে, যা দেশের উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকগুলোর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত বা খেলাপি ঋণ এই সুবিধার আওতায় আসবে। তবে এই সুবিধা দিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে এবং তা নির্ধারিত হবে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে।

এই সুবিধার প্রধান শর্ত হলো, ঋণগ্রহীতাকে তাঁর সব দায় এককালীন পরিশোধ করতে হবে। আর এটি নিশ্চিত করতে পারলে ঋণগ্রহীতাদের সব ধরনের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের পথ সহজ করা হয়েছে। আগে সুদ মওকুফ করতে গেলে ব্যাংকের তহবিল ব্যয় (কস্ট অব ফান্ড) আদায় নিশ্চিত করার যে বাধ্যবাধকতা ছিল, তা এবার শিথিল করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর আয় খাত বিকলন করে সুদ মওকুফ না করার যে শর্ত ছিল, সেটিও শিথিল থাকবে। অর্থাৎ সরকারি-বেসরকারি সব ব্যাংকই এখন এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে সুদ মওকুফ করতে পারবে।

ব্যাংকাররা বলছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে যেসব খেলাপি ঋণ অনাদায়ী পর্যায়ে চলে গেছে, ব্যাংক চাইলে সেসব ঋণের আসল অংশটুকু আদায় করে পুরো সুদ মওকুফ করে দিয়ে হলেও সেই ঋণদাতাকে এক্সিট সুবিধা দিতে পারবে। এত দিন আইনি বাধ্যবাধকতার কারণে ব্যাংকগুলোর পক্ষে এই সুবিধা দেওয়ার সুযোগ ছিল কম।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মন্দ বা ক্ষতিজনক মানের যেসব ঋণ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে পুনঃতফসিল করা হয়েছে, সেই ঋণ এই প্রজ্ঞাপনের আওতায় বিশেষ এক্সিট সুবিধা পাবে। এ ছাড়া বিশেষ এক্সিট দেওয়ার ক্ষেত্রে কৃষি খাতের স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং সিএমএসএমই খাতের কটেজ, মাইক্রো ও স্মল ঋণকে ব্যাংকগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিশেষ নীতিমালার সুবিধা ও নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech