।।বিকে ডেস্ক।।
দেশে গ্যাসের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার।
সোমবার ২৪ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।
আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে এই এলএনজি কেনা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের জন্য আমদানির উদ্যোগ নেওয়া এই গ্যাসের প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়বে ২৪ ডলারেরও বেশি।
দক্ষিণ কোরিয়ার প্রধান ট্রেডিং ও এনার্জি কোম্পানি ‘পোসকে ইন্টারন্যাশনাল করপোরেশন’ থেকে আগামী ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। এতে প্রতি এমএমবিটিইউ-এর দাম পড়বে ২৪.৬২৫ ডলার।
এছাড়া, যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জিস এন্ড পাওয়ার লিমিটেড’ থেকে ২৩-২৪ সেপ্টেম্বর এক কার্গো এলএনজি আমদানি করার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এতে প্রতি এমএমবিটিইউ-এর দাম পড়বে ২৪.২৫ ডলার।
এর আগে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রতি এমএমবিটিইউ ২৩.৯৩ ডলার দরে ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করে।