।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পাঁচটি ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর কমিশনের সভাকক্ষে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ হাজার ৩১তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত নতুন পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সভায় ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৬’ অনুমোদন করা হয়। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে নির্ধারিত হার।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ওয়ান ব্যাংকের বাসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড ট্রাস্টি ও ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।
এছাড়া সাউথইস্ট ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ‘সাউথইস্ট ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড (৬ষ্ঠ ইস্যু)’ অনুমোদন করেছে কমিশন। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে নির্ধারিত হার।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী ব্যক্তিদের কাছে এটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ বাসেল-৩-এর আওতায় সাউথইস্ট ব্যাংকের টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ট্রাস্টি ও ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত হবে।
বিআরএসি ব্যাংক পিএলসির ১ হাজার কোটি টাকা মূল্যের তিন বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, জিরো-কুপন গ্রিন বন্ড’-এর প্রস্তাবও অনুমোদন করেছে বিএসইসি। বন্ডটির সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড, উচ্চসম্পদশালী ব্যক্তি ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
বন্ড থেকে সংগৃহীত অর্থ বিআরএসি ব্যাংকের যোগ্য গ্রাহকদের কম খরচে সবুজ অর্থায়নে ব্যবহারের কথা রয়েছে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ট্রাস্টি ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট এআইবিপিএলসি ৫ম সাবঅর্ডিনেটেড বন্ড’-এর প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে নির্ধারিত হার।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী ব্যক্তিদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।
বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বাসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ট্রাস্টি এবং ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।
অন্যদিকে, ব্যাংক এশিয়া পিএলসির ৮০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড’-এর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে নির্ধারিত হার। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চসম্পদশালী ব্যক্তি ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
বন্ড ইস্যুর অর্থ ব্যাংক এশিয়ার বাসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ট্রাস্টি ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।