।। বিকে ডেস্ক ।।
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার ১০ অক্টোবর সকালে উপজেলার নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসসহ হেলপারকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নিজেদের বাড়ির সামনে বকশীগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তুি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে রৌমারী যাওয়ার পথে ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসসহ হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।
নিহত উফেজা বেগম হলেন ওই এলাকার নুর ইসলামের মা ও ফরিদা বেগম হলেন নুর ইসলামের স্ত্রী।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, একসঙ্গে শাশুড়ি ও ছেলের বউ বাসচাপায় নিহত হয়েছেন, এটা সত্যি দুঃখজনক। ঘটনার পর ঘাতক বাস ও হেলপারকে আমরা আটক করেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।