।।বিকে ডেস্ক।।
অস্ত্র হাতে অবৈধ মাদক কারবারিদের ধাওয়া করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে চলমান ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার ১৯ অক্টোবর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে, আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় ইশরাক হোসেনকে অস্ত্র হাতে লোকজনকে তাড়া করতে দেখা যায়। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। পরে এক বিবৃতিতে তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার আশঙ্কায় এবং আত্মরক্ষার্থেই তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা স্বল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।

রবিবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। রাতে এক ফেসবুক পোস্টে ইশরাক হোসেন প্রথমে এই খবরকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করলেও, কয়েক ঘণ্টা পরই আরেকটি পোস্টে জানান প্রধানমন্ত্রীর যেকোনো নির্দেশ পালন করা বাধ্যতামূলক। অবশেষে সোমবার সকালে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, পদত্যাগের পর তিনি মন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন জেলা সফরের ইচ্ছার কথাও জানান তিনি। সূত্র- বিডি জার্নাল।