।।বিকে ডেস্ক।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
সোমবার ২৬ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে। নিহতদের মধ্যে এক শিশু, তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।
এ ঘটনায় আহত অবস্থায় অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এরমধ্যে ফাতেমা (৪০) এবং তার ৮ বছর বয়সী ছেলে রাকিবের নাম জানা গেছে। তাদের বাড়ি নেত্রকোণার মদন শিবাশ্রম এলাকায়।
এছাড়া গুরুতর আহত ছয় জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এক যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়ানো ছিল। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিলো বলে জানা গেছে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও লরি হেফাজতে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।