শিরোনাম :
দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি- শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য : নতুন সংসদীয় অধ্যায়ের সূচনা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের

  • ১০:৪৫ এএম, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের অংশ হিসেবে নতুন সরকারি ভবন নির্মাণ, যানবাহন কেনা এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ গ্রহণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এ লক্ষ্যে গত ৯ নভেম্বর অর্থ বিভাগ একটি বাজেট পরিপত্র জারি করেছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে ব্যয় সংকোচন, উন্নয়ন প্রকল্পের সংখ্যা সীমিত রাখা এবং অত্যাবশ্যকীয় খাতগুলোকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সংশোধিত বাজেটের মোট ব্যয় কোনোভাবেই ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটে নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না। একই সঙ্গে উন্নয়ন বাজেটের অর্থ পরিচালন বাজেটে স্থানান্তর করা যাবে না।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন স্থাপনা ছাড়া অন্য সব ধরনের নতুন আবাসিক, অনাবাসিক ও সরকারি ভবন নির্মাণের বরাদ্দ স্থগিত করা হয়েছে। তবে যেসব প্রকল্পের অন্তত ৭০ শতাংশ ভৌত কাজ শেষ হয়েছে, সেগুলো অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে বরাদ্দ পেতে পারে। অন্যান্য জরুরি নির্মাণকাজের ক্ষেত্রেও পৃথক অনুমোদন নিতে হবে।

সব ধরনের যানবাহন কেনার বরাদ্দও স্থগিত করা হয়েছে। তবে টিওঅ্যান্ডই তালিকাভুক্ত ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন এবং নতুন প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে যানবাহন কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে এ বিধিনিষেধ শিথিল করা যাবে।

অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া নতুন কেনা বা প্রতিস্থাপন করা সব গাড়ি ও জিপ সম্পূর্ণ বৈদ্যুতিক হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যেতে পারে।

এ ছাড়া পরিচালন বাজেটের আওতায় জমি অধিগ্রহণ এবং সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত অগ্রিম অর্থ বরাদ্দ বন্ধ করা হয়েছে।

সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন স্থগিত করা হয়েছে। তবে অত্যাবশ্যকীয় বিদেশ সফর ও প্রশিক্ষণের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সীমিত বরাদ্দ রাখা যাবে। পাশাপাশি আপ্যায়ন, সেমিনার ও সরকারি অনুষ্ঠান আয়োজনের ব্যয় কমিয়ে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশোধিত রাজস্ব ও পরিচালন ব্যয়ের প্রাক্কলন তৈরির ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোকে আগের দুই অর্থবছরের প্রথম ছয় মাসের প্রকৃত রাজস্ব আদায় ও ব্যয়ের চিত্র এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের হিসাব বিবেচনায় নিতে হবে। বেতন-ভাতার প্রাক্কলন করতে হবে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের ক্ষেত্রে প্রকল্পের সংখ্যা সীমিত রেখে সরকারের কৌশলগত লক্ষ্য, নির্বাচনী ইশতেহার এবং অত্যাবশ্যকীয় উন্নয়ন চাহিদাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে বৈদেশিক ঋণ ও অনুদাননির্ভর প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনসংক্রান্ত প্রকল্প অগ্রাধিকার পাবে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, এমন প্রকল্পগুলোকেও অগ্রাধিকার দেওয়া হবে।

একই উদ্দেশ্য সম্পন্ন ছোট প্রকল্পগুলো একীভূত করে গুচ্ছ প্রকল্প হিসেবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। যেসব প্রকল্পের বিপরীতে কোনো বরাদ্দ নেই, সেগুলো সংশোধিত মূল এডিপি থেকে বাদ দিতে বলা হয়েছে।

ধীরগতির প্রকল্পগুলোর বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য অগ্রাধিকার প্রকল্পে সেই অর্থ স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করতে প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দ নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশোধিত বাজেটের সব প্রস্তাব সংশি¬ষ্ট বাজেট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যাচাই ও অনুমোদন করতে হবে। প্রস্তাবের সঙ্গে কমিটির সভার কার্যবিবরণীও জমা দিতে হবে। অনুমোদনের পর মন্ত্রণালয়গুলোকে রাজস্ব আদায়, ব্যয় এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা হালনাগাদ করতে হবে।

অর্থ বিভাগ আগামী ২৬ নভেম্বরের মধ্যে সংশোধিত পরিচালন বাজেট ও এডিপিবহির্ভূত প্রকল্পের প্রাক্কলন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে। একই তারিখের মধ্যে সংশোধিত এডিপি ও প্রকল্পসংক্রান্ত প্রাক্কলন অর্থ বিভাগ এবং পরিকল্পনা কমিশনের সংশি¬ষ্ট বিভাগে পাঠাতে হবে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech