।।বিকে ডেস্ক।।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ফার্স্ট লেডি এমিনে এরদোগানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া এক বর্ণাঢ্য রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নৈশভোজে তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে উষ্ণ কুশল বিনিময় করেন।
বুধবার ১১ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) ‘গ্রিন জোনে’ এই বিশেষ নৈশভোজ অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে তুর্কি প্রেসিডেন্সি এই আয়োজন করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকালে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি তিনি লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।