।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর প্রথম সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন প্রায় ৪০ লাখ কর্মী। বার্সেলোনা ও মাদ্রিদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৭৩ জন গ্রেপ্তার এবং ২০ জন আহত হয়েছেন।
বুধবার ১১ নভেম্বর দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা এ ধর্মঘটের পর বার্সেলোনায় মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেন। বার্সেলোনায় মুখোশধারীরা আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেয় ও দোকান ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বন্দর ও গাড়ি কারখানাগুলোতে ধর্মঘটের প্রভাব ছিল সবচেয়ে বেশি। কয়েকটি কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ।
অনলাইন বিবিসির প্রতিবেদনে বলা হয়, ধর্মঘটের কারণে স্পেনজুড়ে পরিবহনসহ বিভিন্ন জনসেবা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে। আগামী ২৯ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা।সংবাদ বিশ্লেষণ
শ্রমিক ইউনিয়নগুলো বাড়িভাড়া নিয়ন্ত্রণ, উচ্ছেদ বন্ধে সুরক্ষা এবং সাশ্রয়ী সরকারি আবাসন বাড়ানোর দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, বাড়িভাড়া ও নিত্যপণ্যের ব্যয় যেভাবে বাড়ছে, সে তুলনায় মানুষের আয় বাড়ছে না।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, স্পেনে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে; ২০২৮ সালের মধ্যে তা ১০ লাখ ছাড়াতে পারে।
বড় শ্রমিক ইউনিয়ন ইউজিটি (ইউজিটি)-এর প্রধান পেপে আলভারেজ ধর্মঘটকে সফল উল্লেখ করে বলেন, এতে ব্যাপক অংশগ্রহণ ছিল। আর সিসি ওও ইউনিয়নের প্রধান উনাই সোরদো বলেন, ধর্মঘটে অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
বুধবার সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুলিশ সদস্যদের মাথায় হেলমেট ও হাতে দাঙ্গা প্রতিরোধী ঢাল ছিল।
শহরের কেন্দ্রস্থলে ঐতিহাসিক প্লাজা দে কাতালুনিয়ার কাছাকাছি পাসেই দে গ্রাসিয়া এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষ হয়। রাস্তায় আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেয়ায় বিভিন্ন স্থানে ছোট ছোট অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একদল বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ বিভিন্ন দোকানে লুটপাট চালায়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে প্রবেশের চেষ্টাও করতে দেখা যায়।
বার্সেলোনার বিক্ষোভে অংশ নেয়া এক নারী বলেন, বিক্ষোভের বেশির ভাগই ছিল শান্তিপূর্ণ ও আনন্দমুখর। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তার ভাষায়, সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন।
সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় অবস্থানকালে তিনি রাস্তায় আগুন দেখতে পান। ওই নারী বলেন, সব জায়গায় আগুন জ্বলছিল। পরিস্থিতি ছিল ভয়াবহ। দিনের শুরুতে মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসন সংস্থাগুলোর কার্যালয়েও হামলা চালানো হয়েছে।
মাদ্রিদে এক বিক্ষোভকারী বলেন, আমরা পুরো শহরকে অচল করে দিয়েছি। বৃষ্টির মধ্যেও সাধারণ ধর্মঘটের প্রতি ব্যাপক সমর্থন ছিল। তার ভাষায়, সবাই বাইরে এসেছে। বৃষ্টি সত্ত্বেও সবাই রাস্তায়।
৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, আবাসন পরিস্থিতি ভয়াবহ। মজুরির তুলনায় বর্তমান জীবনযাত্রার ব্যয় সম্পূর্ণ অসহনীয়। সাশ্রয়ী আবাসনের দাবিতে ব্যাপক বিক্ষোভ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ থেকেই এ ধর্মঘটের সূত্রপাত। মাদ্রিদে যে ফ্ল্যাটে সাত দশক ধরে বসবাস করছিলেন ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল, সেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়। কয়েক সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনা স্পেনজুড়ে ক্ষোভ ছড়িয়ে দেয়।
মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে সাত দশকের বেশি সময়ের পুরোনো বাসা থেকে উচ্ছেদের ঘটনা আন্দোলনে নতুন গতি আনে। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়। নতুন বাড়িওয়ালার অধীনে তার ভাড়া তিন গুণ বেড়ে গিয়েছিল বলে আন্দোলনকারীদের দাবি।
আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আবাসন সংস্কার পরিকল্পনা নিয়ে সংসদে সমঝোতা না হওয়ায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম নির্বাচনের ঘোষণা দেন। ধর্মঘটকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। সানচেজ শ্রমিকদের ধর্মঘটের অধিকার সমর্থন করলেও রক্ষণশীল পিপলস পার্টির অভিযোগ, নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নিতে সরকার এ কর্মসূচিকে কাজে লাগাচ্ছে