শিরোনাম :
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা বায়ুদূষণে শীর্ষ তিনের পরেই বাংলাদেশ, প্রথম দিল্লি নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ৮ ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনা-মাদ্রিদে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ: আহত ২০ গ্রেপ্তার ৭৩ গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ৮

  • ১২:১২ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় তিনতলা একটি ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক ও দুই শিশু রয়েছে। নিহতদের মধ্যে দুজন নির্মাণশ্রমিক। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার দিকে ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ভবনটি ধসে পাশের একটি নির্মাণাধীন স্থানের গর্তে পড়ে যায়। ওই সময় সেখানে নির্মাণকাজ ও খননকাজ চলছিল। ভবনটি ধসে পড়ার পর বিকট শব্দ এবং চারপাশে ধুলার মেঘ ছড়িয়ে পড়তে দেখেন প্রত্যক্ষদর্শীরা।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, ধসে পড়ার পর নির্মাণশ্রমিকেরা নিজেরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ফিরে এসে ধ্বংসস্তূপ খুঁড়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সহায়তা করেন।

নগরীর ফায়ার কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। উদ্ধারকাজে তাদের ভূমিকার প্রশংসা করে তিনি একে ‘অসাধারণ বীরত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন।

রাতভর অভিযান চালিয়ে ২৫০ জনের বেশি দমকলকর্মী ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করেন। বৃহস্পতিবার প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষ করা হয়। কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে আর কোনো ভুক্তভোগী আটকে থাকার আশঙ্কা না থাকায় অভিযান বন্ধ করা হয়েছে।

মেয়র মামদানি জানান, ঘটনাস্থলেই ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে মারা যান আরও দুজন। আহতদের মধ্যে চারজন দমকলকর্মী। একজন এখনো হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

সিবিএস নিউজের প্রতিবেদনে নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন নিকোল ড্যানিয়েলা সালভাদা রদ্রিগেজ (৯), হুয়ান ড্যানিয়েল সালভাদা গুজমান (৩১), কেভিন সান্তিয়াগো রেইয়েস গঞ্জালেজ (১০), ব্যারি মামাদু (২৩) এবং এনদিয়ায়ে মামাদু (৩১)। তারা ধসে পড়া ভবনটির বাসিন্দা ছিলেন।

অন্য তিনজন হলেন গ্যাব্রিয়েল সিগুয়েনসিয়া (২২), এডগার সাপোন (২৬) এবং হোসে লুইস কাগুয়ানা কসকুইয়ো (২৬)। তারা যথাক্রমে ব্রঙ্কস, হেলস কিচেন ও ব্রুকলিনের বুশউইক এলাকার বাসিন্দা ছিলেন।

মেয়র মামদানি বলেন, নিহত ব্যক্তিরা তাদের বন্ধু, প্রতিবেশী, মা-বাবা ও সন্তান। তারা ছিলেন এমন কিছু তরুণ পরিবার, যারা এই শহরে নিজেদের জীবন গড়ে তুলছিলেন। তাদের মধ্যে মেক্সিকো, কলম্বিয়া, ইকুয়েডর, ত্রিনিদাদসহ বিভিন্ন দেশের অভিবাসীরাও ছিলেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইকুয়েডরের কনসাল জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মধ্যে দুজন ইকুয়েডরের নাগরিক বলে নিশ্চিত করেছেন। তাদের একজন হোসে লুইস কাগুয়ানা কসকুইয়োর মরদেহ দাফনের জন্য ইকুয়েডরে পাঠানো হবে।

ভবনটি ১৯৩০-এর দশকে নির্মিত হয়েছিল। এতে আবাসিক অ্যাপার্টমেন্টের পাশাপাশি একটি দোকানও ছিল। পাশের নির্মাণাধীন স্থানে ৬৪টি আবাসিক ইউনিট ও নিচতলায় একটি মুদি দোকান নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। সেখানে খনন ও ভিত্তি নির্মাণের কাজ চলছিল। প্রকল্পটির ডেভেলপার হিসেবে রবার্ট ফিশম্যানের নাম উঠে এসেছে।

তবে নির্মাণকাজের সঙ্গে ভবনধসের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে নগরীর ভবন বিভাগ ও নিউইয়র্ক পুলিশ।

ব্রুকলিনের জেলা অ্যাটর্নি এরিক গঞ্জালেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ভবন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মেয়র মামদানিও জানিয়েছেন, ভবন ও পাশের নির্মাণ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা তদন্ত করা হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

নিউইয়র্কের ভবন বিভাগের প্রধান আহমেদ তিগানি বৃহস্পতিবার জানান, ধসের আগে ভবনটিতে বিল্ডিং কোড লঙ্ঘনের কোনো তথ্য তাদের কাছে ছিল না। তবে সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটিতে ৯৮টি অমীমাংসিত লঙ্ঘনের অভিযোগ ছিল এবং পরিদর্শকদের নথিতে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার তথ্য পাওয়া গেছে। ভবনটির মালিকানা আইসোল্যাগ রিয়েলটি করপোরেশনের বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে, ডেভেলপার রবার্ট ফিশম্যানের সঙ্গে নগরীর আরও অন্তত ১০০টি স্থাপনার সংশ্লিষ্টতা রয়েছে। সেগুলোও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিগানি।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বিবিসিকে জানান, ভবনটি ধসে পড়ার মাত্র কয়েক মিনিট আগে তিনি সেখানে একটি অ্যামাজন পার্সেল পৌঁছে দিয়েছিলেন। এরপর বিকট শব্দ শুনে ফিরে তাকিয়ে দেখেন, ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক-দুই মিনিটের মধ্যেই কয়েকটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সড়কটি বন্ধ করে দেয়।

স্থানীয় বাসিন্দা ইমানুয়েলা কারিলুস নিউইয়র্ক টাইমসকে বলেন, তিনি ভবনটির ঠিক পেছনেই থাকেন। হঠাৎ বড় ধরনের বিস্ফোরণের মতো শব্দ শোনার পর চারদিকে মানুষের চিৎকার শুনতে পান।

অন্যদিকে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া এক নারীর স্বামী সিবিএস নিউজ নিউইয়র্ককে জানান, তার স্ত্রী প্রাণে বেঁচে গেছেন। ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জীবিত ফিরে পেয়ে তিনি উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুত্রঃ আমাদের সময়

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech