।।বিকে ডেস্ক।।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ।
সেমাবার ২৩ নভেম্বর দুপুরে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম’সহ ৪ সদস্যের একটি দল সংলাপে অংশ নেবে।
এর আগে, নাশকতার বিভিন্ন ঘটনায় সংসদে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহ্বান জানিয়েছেন, জাতীয় ঐক্যের।
অধিবেশনের সমাপনী দিনে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। পরে, ১১ দলও বৈঠক করে নিজেদের মধ্যে। এসবের ধারাবাহিকতায় এবার দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ করতে যাচ্ছেন সরকার প্রধান।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংকটে সরকার প্রধান আহ্বান জানানোয় সাড়া দিয়েছে তার দল। জানা গেছে, অন্য দলগুলোকেও ধারাবাহিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
বিরোধীদল, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এখন অস্ট্রেলিয়ায় আছেন। তিনি ফিরলে ২৭ কিংবা ২৮ নভেম্বর হতে পারে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ।
এদিকে সংলাপকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার মতো মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।
এর প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে।’
রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তারা জাতীয় ঐক্যের কথা বলে আসছিলেন, কিন্তু বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে এবং নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে গণভোটের ৭০ শতাংশ জনগণের রায় ও জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকার যদি শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে থামানোর জন্য জাতীয় ঐকমত্য চায় এবং জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলে, তবে সেই ধরনের কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশগ্রহণ করবে না।