।।বিকে রিপোর্ট।।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তারা ওই অফিস থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছেন।
মঙ্গলবার ২৯ এপ্রিল দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম।
অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান জানান, আমরা প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছি।
তিনি বলেন, গত ৫ বছরের উন্নয়ন কাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে সেসব কাজের আমরা তথ্য চেয়েছি। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা তা দেখতে সরেজমিনে এসেছি। এখানে অনেক ধরনের কাজ রয়েছে, এখানে কাজের ভলিউম বেশি, তাই সেসব কাজের বিষয়ে তথ্য চেয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে আমরা এই অফিসে আবার আসবো।
তিনি আরও বলেন, যেসব প্রকল্পের নথি আমরা নিয়ে গেছি সেগুলো পর্যালোচনা করে দেখা হবে কোন অনিয়ম দুর্নীতি রয়েছে কিনা। দুর্নীতির অভিযোগ সুনির্দিষ্ট ভাবে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুদক দলের অভিযান প্রসঙ্গে জানতে চাইলে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার জানান, দুদকের একটি দল আমাদের অফিসে এসেছিল।
তারা আমাদের বর্তমান ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর কী অবস্থা ও বিগত ৫ বছরের যেসব উন্নয়ন কাজ হয়েছে সেসবের বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের তথ্য দিয়েছি। অনেক উন্নয়ন কাজের ফাইল তারা নিয়ে গেছে পর্যালোচনা করার জন্য। আমরা দুদকের অনুসন্ধানে সহযোগিতা করছি।