।।বিকে রিপোর্ট।।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার ৩ মে রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়ে, কিছু অনুপযুক্ত বিষয়বস্তু কিছু সময়ের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই এই পেজে শেয়ার করা হয়েছিল। গুরুত্বের সঙ্গে বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারের জন্য এই পেজটি সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
জানা গেছে, ইন্দোনেশিয়ার হ্যাকাররা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক করে। পেজটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেখান থেকে তারা জুয়ার লাইভ প্রচার চালায়। পরে রাত সাড়ে ৮টার দিকে পেজটি বন্ধ করে দেওয়া হয়।
হ্যাকারারা ফেসবুক পেজে ইন্দোনেশিয়ার ভাষা ‘বাহাসা’য় প্রচার চালায়। তবে হ্যাকারদের মূল পরিচয় আড়াল করতে বাহাসা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অনুপযুক্ত কন্টেন্ট কিছুক্ষণের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই ওই পেজ থেকে শেয়ার করা হয়েছে। পেজটি উদ্ধারে কাজ করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণাধীন এবং বিষয়টি তদন্ত করতে ও ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপাতত সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে ফেসবুক পেজের কোনও পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা মন্ত্রণালয়ের তথ্য অন্যান্য ভেরিফায়েড প্ল্যাটফর্ম যেমন- অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।