।।বিকে রিপোর্ট।।
নিম্নচাপ ও বৃষ্টি উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার ৩০ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
টানা বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের অঙ্গসংগঠনের নেতারা একে একে মাজার প্রাঙ্গণে এসে শহীদ জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান। পুরো আয়োজন জুড়ে দলের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদলের ওপর সীমাহীন নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যথাযথভাবে কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর এ বছর সেসব কর্মসূচি পালন করছে দলটি।
জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা-নিষেধ না থাকায় এ বছর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
এ উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতির কবরে ফুল দেওয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ।
গত ২৬ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২ জুন পর্যন্ত।