।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কয়েকটি দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ না করার আহ্বান জানানো হয়েছে।
এই অবস্থার মধ্যে আজ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। প্রথমেই বিএনপি ও জামায়াতকে বৈঠকের জন্য যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার ২৪ মে সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক রয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামায়াতে ইসলামী। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শনিবার রাতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
সূত্র জানায়, জামায়াত মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। তারা চায় ড. ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।
এর আগে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সূত্র মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা ইস্যুতে আলোচনা হবে। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে।