Breaking News:


স্বাধীনতা দিবসে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

  • ১১:৩৬ এএম, সোমবার, ২৩ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

রবিবার ২২ মার্চ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এর আগে ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ওই দিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

এর আগে ২৫ মার্চ বিকেল ২টা ৩০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech