অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • ১১:৪৮ এএম, বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান।

গতকাল বুধবার ২৮ মে রাতে সংগঠনের সাধারণ সম্পাদক বাদলচন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় বাজুস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

একইসঙ্গে বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সহসভাপতি রপনুল হাসানকে বেআইনিভাবে গ্রেফতার করায় জুয়েলারি মালিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এই গ্রেফতারের মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপত্তা এবং মর্যাদার ওপর সরাসরি আঘাত হানা হয়েছে বলে মনে করছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় রাজধানীর ঐতিহ্যবাহী তাতিবাজার এলাকা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech