Breaking News:


আইসিসি সুবিচার করেনি: বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই – যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • ১০:৪২ পিএম, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই- বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার ২২ জানুয়ারী রাজধানীর এক হোটেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। কারণ যে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটির কোনো পরিবর্তন হয়নি। আমরা মনে করি আইসিসি আমাদের সঙ্গে ন্যায়বিচার করেনি, তবে এখনো আশা করছি তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

আসিফ নজরুল বলেন, আইসিসি দাবি করছে যে ভারতে ক্রিকেট আয়োজনের জন্য নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো, কিন্তু আমরা যা দেখছি তা হলো পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমাদের নিরাপত্তা উদ্বেগ হঠাৎ করে তৈরি হয়নি; আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে।

ভারতীয় উগ্রবাদীদের চাপের মুখে আয়োজকেরা তার (পেসার মুস্তাফিজুর রহমানের) যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যখন একজন খেলোয়াড়ের নিরাপত্তাই নিশ্চিত করা যায় না, তখন খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিকসহ পুরো একটি বহরের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা সম্ভব?

তিনি আরও বলেন, স্বভাবতই, আমরা সবাই চেয়েছি, আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি।

আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করব, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে। আমরা অপেক্ষা করব।

আসিফ নজরুলের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনিও জানিয়েছেন, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা। এজন্য লড়াই চালিয়ে যাবেন।

তিনি বলেন, আমরা আইসিসিকে জানিয়েছি, এর আগে ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে নিরাপত্তা উদ্বেগের কারণে অনেকে বিশ্বকাপ খেলতে যায়নি এবং অনেকের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখনো আশা করব বিকল্প ভেন্যুতে খেলার। আমরা যোগাযোগ করব আইসিসির সঙ্গে, তাদের বলব আমরা শ্রীলংকায় খেলতে চাই।

বুলবুল বলেন, আইসিসি আমাদের ২৪ ঘণ্টা সময় দিয়েছে, কিন্তু একটা বিশ্ব সংস্থা এটা করতে পারে না। তারা ২০০ মিলিয়ন মানুষকে বিশ্বকাপ দেখানোর থেকে বঞ্চিত হবে। এটা তাদের জন্য একটা বড় ক্ষতি।

তিনি জানান, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির আবেদন প্রত্যাখ্যান করার পর উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়দের সরাসরি অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

আইসিসির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সংস্থাটি কেবল স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রটোকলের দিকেই নজর দিয়েছে, কিন্তু যে ঘটনার কারণে বাংলাদেশের উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে উপেক্ষা করেছে।

উল্লেখ্য, টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে দুটি পথ খোলা রাখে আইসিসি—হয় ভারতে গিয়ে খেলতে হবে, না হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ছাড়তে হবে। এমন পরিস্থিতিতে নিজেদের ভারতে খেলতে না যাওয়ার অবস্থানেই অটল থাকল বাংলাদেশ।

প্রসংগত, কট্টরপন্থীদের আন্দোলনের মুখে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে আইসিসি কর্তৃক ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলার সমালোচনা করে বিসিবি সভাপতি বলেন, মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল। মুস্তাফিজ নিজে সরে যায়নি, মুস্তাফিজের ইনজুরি হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি। নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে বাদ দেয়া হয়েছিল। এরপর আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করি। আমরা বিকল্প ভেন্যুতে খেলতে চাই।

এর আগে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির সঙ্গে ক্রিকেটারদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, জাকের আলী, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব উপস্থিত ছিলেন।

তবে এখনও বিকল্প ভেন্যুতে খেলার সুযোগের আশায় আছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি। এজন্য তারা আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন বলে জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech