।।বিকে রিপোর্ট।।
বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২৯৯ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করা ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
রবিবার ২৫ জানুয়ারী সকাল ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের কলকাতা, এর স্কোর ২২৫ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। এর পর ১৯১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে চীনের হ্যাংঝু এবং চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৬।
এ ছাড়া তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭৪। এর পরই ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে মিসরের কায়রো ও ভারতের দিল্লি, স্কোর যথাক্রমে ১৭১ ও ১৬৮।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে শুষ্ক আবহাওয়া, বৃষ্টিহীনতা, ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি ও আবহাওয়াজনিত কারণে বাতাসে ক্ষতিকর কণার মাত্রা বেড়ে যায়। এর ফলে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যায়।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
পরিবেশবিদরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাজধানীর জনস্বাস্থ্য পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে।