।।বিকে ডেস্ক।।
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত থাকা অবস্থায় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাস্তায় কর্মসূচি ঘোষণা করা স্ববিরোধিতা হিসেবে দেখা যেতে পারে- বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, ‘কেউ গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলনে যেতেই পারে। এখানে আমাদের কোনো মন্তব্য নেই, এটা তাদের অধিকার। তবে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ নিয়ে আলোচনা এখনো চলমান। আলোচনা চলমান থাকা অবস্থায় আন্দোলন করা স্ববিরোধী।’
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা এখনো ঠিক হয়নি। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা চলছে। এ অবস্থায় রাস্তায় কর্মসূচি দেওয়া অনেকটা স্ববিরোধিতা। তবে অবশ্যই যেকোনো দলের কর্মসূচি দেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে। তারা কর্মসূচি দিতে পারে।
জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দাবিতে জাতীয় সংসদের নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতির বিষয়টি কখনো ঐকমত্য কমিশনে আলোচনার বিষয় ছিল না। এখন কোনো দল যদি রাজনৈতিক কৌশল হিসেবে এটি নিয়ে কর্মসূচি দেয়, দিতে পারে। তবে জনগণের নামে এক দলের আদর্শ বা দাবি অন্যদের ওপর আরোপ করা কতটা সঠিক, তা বিবেচনা করতে হবে।
জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দলগুলোকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, শুরু থেকেই আমরা বলেছি, শুধু প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমর্থনযোগ্য নয়। আগে আইন ছিল না, এখন আইন হয়েছে। কোনো দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। ঢালাওভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করলে এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে, এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। জনগণ সেটি বিবেচনা করবে।
সালাহউদ্দিন আরও বলেন, এই আন্দোলন কাদের বিরুদ্ধে, সেটা দেখতে হবে—অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে। এটা কি নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল? যারা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের অধিকার আছে। তারা রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দিচ্ছে, এবং বিএনপি মাঠের বক্তৃতার মাধ্যমে তার জবাব দেবে।
পিআর পদ্ধতির বিষয়ে কোনো মন্তব্য নেই জানিয়ে সালাহউদ্দিন বলেন, পিআর পদ্ধতি আমাদের আলোচনার টেবিলে নাই। কারণ, পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য বাস্তবায়নযোগ্য না।
উল্লেখ্য, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবিতে আজ সোমবার ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। অন্যদিকে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসও একই দিনে একই কর্মসূচির ঘোষণা দিয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।