শিরোনাম :

আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও দলীয় নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে এসসিপির যুবশক্তির নেতাকর্মীরা। কিছু কার্যালয় উদ্বোধনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফুলপুর (ময়মনসিংহ) : তারাকান্দা আওয়ামী লীগের দলীয় কার্যালয় গত গণ-অভ্যুত্থানে ভাঙচুর ও অগ্নিদগ্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল, ছাত্রলীগ নেতা লিমন দেবনাথ, মুকুল হাসান, মুশফিকুর রহমান চৌধুরী প্রমুখ কার্যালয়ে এসে দলীয় পতাকা প্রদর্শন ও স্লোগান দিয়ে চলে যান। পরে রাতে এনসিপির যুবশক্তির নেতাকর্মীরা কার্যালয়ে আগুন ধরিয়ে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করেছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, গভীর রাতে ভাঙা দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা আকস্মিক স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পাবনা : আওয়ামী লীগ নেতা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট তৌফিক ইমাম খানের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী বাদ জুমা হঠাৎ করেই পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন। তারা জাতীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তারা প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে জাতীয় পতাকা ওড়ান এবং জাতীয় সংগীত পরিবেশন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।

বরিশাল : প্রায় দেড় বছর পর বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার ভোরের এই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয়রা বলেন, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি দলটির উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের একটি ছবি ছড়িয়ে পড়ে। আÍগোপনে থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সংশ্লিষ্ট ছবিটি পোস্ট করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পর এবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের থানার রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন-ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়ন, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।

তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় এ অফিস খোলা হয়। এ সময় সেখানে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করা হয়। এছাড়া দলটির নেতাকর্মীরা সেখানে ইফতারের জন্য খিচুড়ি পার্টির আয়োজন করে উৎসবও শুরু করেন। একজন আওয়ামী লীগের কর্মী ভিডিও ধারণ করে পরে রাতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech